দৈনিক উত্তরের নিউজ

‘মাদরাসা শিক্ষকের অপরাধে চুপ কেন?’ প্রশ্নে মুখ খুললেন আহমাদুল্লাহ

মাদরাসায় শিশু নির্যাতনের কয়েকটি ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে মাদরাসার শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময় কথা বলেছেন শায়খ আহমাদুল্লাহ।এ ধরনের অপরাধের নিন্দা জানানোর পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের সুরক্ষায় ছয় দফা সুনির্দিষ্ট প্রস্তাবনাও দিয়েছেন তিনি।তবে এরপরও অনেকে মনে করেন, মাদরাসা শিক্ষক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠলে আলেম সমাজের পক্ষ থেকে যথেষ্ট জোরালো বক্তব্য পাওয়া যায় না।সম্প্রতি এক অনুষ্ঠানে এক শ্রোতা সরাসরি এ বিষয়ে প্রশ্ন করেন শায়খ আহমাদুল্লাহকে। তিনি জানতে চান, ‘মাদরাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর প্রতি পাশবিক নির্যাতনের ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এ ধরনের ঘটনায় আপনাদেরকে কথা বলতে শোনা যায় না কেন?’জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘এই ধরনের অভিযোগ আনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাই। আমাদের সমাজের বড় একটি মসিবত হলো, আমরা কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীকে বিভিন্ন ট্যাগ দিয়ে বা নানা গ্রুপে ফেলে তার অপরাধের মাত্রাটাকে অনেক সময় হালকা করে ফেলি,কখনো জ্ঞাতসারে, আবার কখনো অজ্ঞাতসারে।আমরা এর আগেও বহুবার স্পষ্ট ভাষায় কথা বলেছি যে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপরাধের জন্য যেই নির্দিষ্ট শাস্তির বিধান দিয়েছেন, তা দেশের আর কারও প্রতি সরকার কার্যকর করতে পারুক বা না পারুক, যারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চায়- যেমন মাদরাসার ছাত্র, শিক্ষক, আলেম-ওলামা ও দ্বীনদার মানুষ- তাদের প্রতি তো অন্তত তা কার্যকর করা যায়।তাদেরকে তো এই বিধান দিয়ে শাসন করা সম্ভব, নাকি? আপনারা তাদের প্রতি সেই কোরআনিক শাস্তিটা কার্যকর করছেন না কেন?তাদের ওপর দৃষ্টান্তমূলক দু-চারটা শাস্তি নিশ্চিত করে কার্যকর করে দেখুন, দেখবেন অপরাধের সাথে যুক্ত সবাই এক নিমেষে সোজা হয়ে গেছে। কিন্তু কাজের বেলায় তো আপনারা সেই সঠিক পদক্ষেপটা গ্রহণ করেন না।আমাদের বিচারব্যবস্থায় বিদ্যমান স্থবিরতা, চরম দীর্ঘসূত্রতা এবং ব্রিটিশদের রেখে যাওয়া অপরাধীর তথাকথিত অধিকার রক্ষার যে কালচার সেগুলো একটা বড় সমস্যা। অবশ্য ইসলামও স্বীকার করে যে, অপরাধীর মৌলিক অধিকার রক্ষা করা জরুরি।অপরাধ প্রমাণিত হওয়ার আগেই অভিযুক্তকে চূড়ান্ত অপরাধীর মতো ট্রিট করাটা এক ধরনের জুলুম। কিন্তু অপরাধীর প্রতি অতিরিক্ত সহানুভূতি দেখানো এবং তথাকথিত অধিকারের দোহাই দিয়ে তাকে ছাড় দিয়ে মাথায় তোলা কিংবা একের পর এক অপরাধের রাস্তা খুলে দেওয়া এগুলো তো সমাজ থেকে অপরাধ বন্ধের সঠিক পথ হতে পারে না।এজন্য অপরাধ সংঘটনের ক্ষেত্রে অপরাধী কি মাদরাসার শিক্ষার্থী, নাকি স্কুলের শিক্ষার্থী, সে কি মাদরাসার শিক্ষক নাকি স্কুলের শিক্ষক এসব পরিচয় বা লেবেল বিবেচনার বিন্দুমাত্র দরকার নেই। আমরা তো দেশের নামীদামী স্কুল ও কলেজের বহু শিক্ষকের যৌন কেলেঙ্কারির খবর শুনেছি।কিন্তু কই, কোনটার ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কোনো কঠোর শাস্তি কার্যকর হতে দেখেছি? বড়জোর তদন্তের নামে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিছুদিন তারা একটু কোণঠাসা হয়ে মুখ লুকিয়ে থেকেছে, তারপর আবার সুবিধা বুঝে অন্য কোথাও ঠিকই ব্যবস্থা করে ফেলেছে।অপরাধী যে-ই হোক না কেন, সে যদি মাদরাসার হুজুর বা দ্বীনি ব্যক্তিত্ব হয়, প্রয়োজনে তার শাস্তি আরও বাড়িয়ে দিন এবং আরও কঠিন রূপ দিন। কোরআন ও হাদিসে বর্ণিত কঠোর শাস্তির যে বিধান রয়েছে, তা অন্তত তাদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করার আইনি ব্যবস্থা করুন।অথবা দেশের প্রচলিত আইনেই যেভাবে হোক তদন্ত সাপেক্ষে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন, যদি তার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দ্রুত বিচারিক উদ্যোগ গ্রহণ করুন।এই প্রক্রিয়ার ব্যাপারে বা দোষীর শাস্তির ব্যাপারে আপনাদেরকে তো আলেমদের কেউ কখনো বাধা দেয় নাই।কোনো মাদরাসা শিক্ষকের অপকর্ম কিংবা কোনো মাদরাসা শিক্ষার্থীর কোনো কেলেঙ্কারী প্রকাশ পাওয়ার পর, যদি সিসিটিভি ফুটেজ বা অনুসন্ধানে তা সত্যি প্রমাণিত হয় আজকাল তো আসলে ঘুরিয়ে-পেঁচিয়ে বানিয়ে বানিয়ে অপরাধ লুকানোর সুযোগ খুবই কম। এটি প্রযুক্তির যুগ, সিসি ক্যামেরার যুগ, এআই ক্যামেরার যুগ।প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুততার সাথে সমস্ত কর্মকাণ্ড মনিটর করা যায়, গভীর তদন্ত করা যায় এবং ঘটনার পেছনের আসল সত্য বের করে আনা যায়।তো কোনো মাদরাসা শিক্ষকের অপরাধ দিবালোকের মতো পরিষ্কার হওয়ার পর তাকে কঠোর শাস্তির মুখোমুখি করা হয়েছে আর অমনি সমস্ত হুজুরেরা রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে যে, না, আমাদের এই হুজুর যত অন্যায়ই করুক না কেন তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, বাংলাদেশে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা কি কখনো ঘটেছে? আর ভবিষ্যতে কখনো ঘটবে বলে মনে হওয়াটাও কি সম্পূর্ণ অসম্ভব নয়?অতএব আমাদের মূল প্রয়োজন হলো নিরপেক্ষ ও যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা।সে কোন পরিচয়ের বা কোন পেশার লোক এই বিভাজনটা তৈরি করা আসলে আমাদের সমাজে অপরাধীদেরকে বেঁচে যাওয়ার সুযোগ পাইয়ে দেওয়া কিংবা বাঁচানোর এক অনভিপ্রেত অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়; যা হয়তো অনেক সময় আমাদের অজ্ঞাতসারেই ঘটে যাচ্ছে।এজন্য শিশুর ওপর কিংবা নারীর প্রতি পাশবিক নির্যাতন কে করেছে বা অপরাধীর পরনে কী পোশাক ছিল তা দেখার বিন্দুমাত্র প্রয়োজন নেই। সোজা হিসাব, অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তি কার্যকর করুন।একজন মাদরাসা শিক্ষক যদি অপরাধে ধরা পড়ে, তবে দিনশেষে সে-ও তো রক্তমাংসের মানুষ, সে তো আর আসমানের ফেরেশতা নয়! তার ভেতরেও নফস বা প্রবৃত্তি আছে, শয়তানের প্ররোচনা আছে। কেবল ধর্মীয় লেবাস গায়ে চাপালেই তো আর দুনিয়ার সব মানুষ রাতারাতি ভালো মানুষ হয়ে যায় না।অতএব অপরাধীর ওপর আইন অনুযায়ী শাস্তিটা প্রয়োগ করুন। আর আপনারা যে আমাদের মুখে শাস্তির দাবি শুনতে চান, এদেশে কত শত লোমহর্ষক ঘটনার পর দেশের সর্বস্তরের মানুষ কত কঠোর শাস্তির তীব্র দাবি তুলেছে, শেষ পর্যন্ত বাস্তবে কয়টা ঘটনার বিচার বা শাস্তি সঠিকভাবে কার্যকর হয়েছে?সুতরাং মূল যে বিচারিক ব্যবস্থার জায়গায় আমাদের সঠিক মনোযোগ দেওয়া দরকার, সেদিকে মনোযোগ না দিয়ে আমরা কেবল অহেতুক 'ব্লেম গেম' করি এবং অনর্থক পরস্পরকে দোষারোপ করতে থাকি যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।যদি কোনো মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার নৈতিক বা সামাজিক অপরাধের প্রমাণ সন্দেহাতীতভাবে পাওয়া যায়, তবে তাকে অবিলম্বে দৃষ্টান্তমূলক ও যথাযথ শাস্তির মুখোমুখি করা হোক- আমরা দেশের প্রতিটি সচেতন নাগরিকের মতো এই প্রত্যাশা করি এবং জোর দাবি জানাই।বিশেষ করে, দ্বীনি ও ইসলামিক লেবাস ধারণ করে কেউ যদি ইসলাম, সাধারণ মুসলিম এবং আলেম সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তবে তার ক্ষেত্রে কঠোর থেকে কঠোরতম শাস্তি কার্যকর হওয়ার প্রত্যাশা আমাদের অন্যান্যদের চেয়ে আরও অনেক বেশি এবং এই শাস্তির দাবি আমরাই সবচেয়ে উচ্চকণ্ঠে করি।আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটি সুন্দর, সুস্থ, নিরাপদ ও শান্তিময় বাসযোগ্য আবাসভূমি লাভ করার তাওফিক দান করুন। আমিন।’

‘মাদরাসা শিক্ষকের অপরাধে চুপ কেন?’ প্রশ্নে মুখ খুললেন আহমাদুল্লাহ