প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
মির্জাপুরে বংশাই নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা শুরু, কাজ পরিদর্শনে এমপি কালাম
মো. মোয়াজ্জেম হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ||
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশাই নদীর তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল থেকে ঝুঁকিপূর্ণ বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ পরিচালিত হয়।চলমান এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে নদীতীরবর্তী বসতঘর, কৃষিজমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ঝুঁকির মুখে পড়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পরিদর্শন শেষে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নদীভাঙনের কারণে মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি যাতে না হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। স্থায়ী সমাধান বাস্তবায়নের আগ পর্যন্ত জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রান্ত পণ্ডিত, উপ-সহকারী প্রকৌশলী আফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান, আকস্মিক নদীভাঙনে তারা উদ্বেগের মধ্যে ছিলেন। তবে দ্রুত জিও ব্যাগ ফেলার উদ্যোগ গ্রহণ করায় ভাঙনের ঝুঁকি অনেকটা কমবে বলে তারা আশা করছেন।পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বংশাই নদীর তীরবর্তী ১৪টি ঝুঁকিপূর্ণ স্থান ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে ৯০ মিটার এলাকায় ৭ হাজার ৩৪৫টি জিও ব্যাগ এবং ঢালে ৮৮৫টি ব্যাগ স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও একই ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ