প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
সাদাপাথরে স্রোতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সাদাপাথরের বাংকার এলাকার ৩ নম্বর পিলারের কাছে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় মাঝি রুবেল মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে পুলিশকে খবর দেন।রুবেল মিয়া জানান, সকালে মাছ ধরতে গিয়ে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। কাছে গিয়ে নিশ্চিত হয়ে সেটি উদ্ধার করেন। পরে মরদেহটি নিখোঁজ চিকিৎসক সুব্রত সাহা বিকাশের বলে শনাক্ত করা হয়।এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সাদাপাথরের জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান সুব্রত সাহা বিকাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও সেদিন তার সন্ধান মেলেনি।নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন।ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎ জ্যোতি দাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ