প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
লালমনিরহাট প্রতিনিধি: ফারুক সূর্য ||
লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা করা হয়।জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "সরকার প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নয়নের সুফল পাওয়া সম্ভব নয়। এই ১৫ দিনের প্রশিক্ষণ আপনাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।" তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠার সাথে অংশগ্রহণ করার আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, লালমনিরহাটের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক। তিনি তার বক্তব্যে বলেন, "সমাজসেবা কার্যালয় সব সময় পিছিয়ে পড়া মানুষের পাশে আছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানমুখী করে তোলা, যাতে তারা প্রশিক্ষণের পর নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে পারেন। আমরা প্রশিক্ষণ শেষেও তাদের সার্বিক সহযোগিতা প্রদান করব।"উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। ১৫ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন কারিগরি ও জীবনমুখী দক্ষতা অর্জন করবেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ