প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
সাদাপাথর পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী; ভাঙনরোধে দ্রুত পদক্ষেপের নির্দেশ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনঘাট পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টায় তিনি সাদাপাথর পর্যটনঘাটের ১০ নম্বর নৌকাঘাট এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় প্রতিমন্ত্রী সাদাপাথর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প এবং ধলাই নদীতে বাস্তবায়নাধীন তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কেও অবহিত হন তিনি।পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ধলাই নদীর সাদাপাথর উৎসমুখে বালি ও পাথর জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন। তারা নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীকেও অবহিত করা হয়েছে বলে জানানো হয়।এ প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রাখা হবে। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে এবং মাঠ পর্যায়ে আরও পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে সাদাপাথর এলাকার মসজিদ ও বিজিবি ক্যাম্প রক্ষায় জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার, জেলা বিএনপির সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ