প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রাণনাশের হুমকি ও বাড়িতে গুলিবর্ষণের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আলমগীর হোসেন বেনাপোল প্রতিনিধি: ||
যশোরের বেনাপোলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশের হুমকি এবং নিজ বাড়িতে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী সোহাগ হোসেন।শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৪টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে আসছে এবং বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।তিনি অভিযোগ করেন, গত শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে বেনাপোল পৌরসভার বড়আচড়া এলাকায় তার ভাড়া বাসাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। গুলিটি জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে গুলিটি দরজা ভেদ করে বাইরে চলে যায়।সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।সোহাগ হোসেন আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।এদিকে ঘটনার পর বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ