প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬
নওগাঁয় গ্রাম্য আধিপত্য ও মসজিদ নিয়ে বিরোধে হামলা: রক্তাক্ত ৩, থানায় এজাহার দায়ের
মো: রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের চুয়াড়পাড়া গ্রামে গ্রাম্য আধিপত্য এবং জামে মসজিদের ইমামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী মো: নজরুল ইসলাম (৬৪) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় ৯ জন নামীয় এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, চুয়াড়পাড়া গ্রামের বাসিন্দা মো: নজরুল ইসলামের পরিবারের সাথে একই গ্রামের মো: হাশেম সরদার (৪২), মো: মামুন সরদার (৩৮) ও মো: মহসিন সরদার (৪৮) সহ অন্যান্য আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে গ্রামের জামে মসজিদের ইমাম মো: ফারুক হোসেনের বিরুদ্ধে আসামিদের অপপ্রচারের প্রতিবাদ করায় এই বিরোধ আরও চরম আকার ধারণ করে।২৮/০৫/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ০৮:০০ ঘটিকায়। ঈদুল আজহার নামাজ শেষে ঈদগাহ মাঠে মসজিদ কমিটি ও গ্রামবাসী বিষয়টি মীমাংসা করে দিলেও আসামিরা তা মেনে নেয়নি। পরবর্তীতে সকাল ০৯:০০ ঘটিকায় বাদী নজরুল ইসলামের ছোট ভাই মো: নাজমুল সরদার (৫০), ভাতিজা মো: জয়নাল সরদার (৩৮) এবং নাতি মো: শুভ সরদার কোরবানির পশু জবাইয়ের জন্য ছুরি আনতে যাওয়ার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে (হাসুয়া, চাকু, রামদা, এস এস পাইপ, চাইনিজ কুড়াল ও হাতুড়ি) সজ্জিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।এজাহার অনুযায়ী, ১নং আসামির হুকুমে অন্যান্য আসামিরা মো: নাজমুল সরদারকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। ১নং আসামি হত্যার উদ্দেশ্যে নাজমুল সরদারের মাথার পেছনে হাসুয়া দিয়ে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন। ২নং আসামি রামদা দিয়ে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাজমুল সরদারের ডান ও বাম হাতের বাহুতে লেগে গুরুতর জখম হয়। তাদের চিৎকার শুনে নাতি শুভ সরদার এগিয়ে এলে ৫ ও ৬ নং আসামি তাকেও চাকু দিয়ে হত্যার চেষ্টা করে, যা প্রতিহত করতে গিয়ে শুভ সরদারের ডান হাতের মধ্যমা আঙুল কেটে যায়।আহতরা মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা লাথি মারতে থাকে এবং প্রকাশ্যেই হুমকি দেয়, "আজ পশু নয়, মানুষ কোরবানি দিবো।" পরবর্তীতে গ্রামবাসী ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা দেশীয় অস্ত্র উঁচিয়ে এবং লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বাদীর ভাতিজা মো: জয়নাল সরদার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে থানায় এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেছেন।হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা এবং তাদের পরিবার এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রকাশ্য দিবালোকে এভাবে অস্ত্র নিয়ে সঙ্ঘবদ্ধ হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আহতরা পুলিশ প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা জানান, আসামিরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনতিবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।পুলিশ জানায়, এজাহারটি গ্রহণ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ