প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
সীমান্ত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
জবি প্রতিনিধি ||
ভারত সীমান্তে কথিত হত্যা ও পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি। রোববার (১০ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা “রক্তে রাঙা সীমান্ত, আর নয় নয়", ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ”, “সীমান্তে মানুষ মারে, সরকার কি করে”—এমন বিভিন্ন স্লোগান দেন। তারা সীমান্ত হত্যা বন্ধ এবং পশ্চিমবঙ্গে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা মানবাধিকারের পরিপন্থী। এসব ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। জবি ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিমদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রগুলোতে হামলা, মসজিদে নামাজে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠছে। তিনি আরও বলেন, “বাংলাদেশি ট্যাগ দিয়ে সীমান্ত দিয়ে পুশ ইন করার মাধ্যমে আরেকটি রোহিঙ্গা সংকট তৈরির ষড়যন্ত্র চলছে।” এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। সংগঠনের সদস্য সচিব শাহীন মিয়া বলেন, "পূর্ববর্তী সময়েও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটেছে। সীমান্তে একের পর এক মানুষ হত্যা করা হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা দুঃখজনক।" কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ