প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জে ৩ লাখ ৩৫ হাজার শিশুর হাম-রুবেলা টিকাদান উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ে প্রেস কনফারেন্স।
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী। ||
সুনামগঞ্জ জেলায় শিশুদের প্রাণঘাতী রোগ হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। সভায় স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, আগামীকাল থেকে জেলাজুড়ে শুরু হতে যাওয়া এই বিশেষ কর্মসূচিতে সুনামগঞ্জ জেলার মোট ৩ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন শিশুকে হাম ও রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন তাঁর বক্তব্যে শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে, দুর্গম হাওরাঞ্চলের মানুষের কাছে এই টিকাদানের বার্তা ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান। তিনি বলেন, হাওর এলাকার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিকদের প্রচারণামূলক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করছে ইউনিসেফ, গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। “সকল শিশুর জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাজুড়ে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। প্রেস কনফারেন্স শেষে জানানো হয়, আগামীকাল থেকেই সুনামগঞ্জের সকল নির্ধারিত কেন্দ্রে একযোগে শিশুরা এই টিকা পাবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ