প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে মাইক্রো লেভেলে পর্যবেক্ষণ করা হবে: শিক্ষামন্ত্রী
আব্দুস সালাম, দিনাজপুর জেলা প্রতিনিধি ||
শিক্ষক নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্বলতা থাকলে শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো প্রকার অনিয়ম বা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।তিনি সতর্ক করে বলেন: শিক্ষক নিয়োগে কোনো মেধাবী প্রার্থীকে বাদ দেওয়া যাবে না। নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ হতে হবে এবং তিনি নিজে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ (মনিটরিং) করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষা উন্নয়নের কার্যক্রমের ওপর ভিত্তি করে মন্ত্রণালয় থেকে একটি মূল্যায়ন প্রতিবেদন (এসিআর) তৈরি করা হচ্ছে।মন্ত্রী বলেন, উন্নত বিশ্বে জনসংখ্যার অভাব থাকলেও বাংলাদেশে তা পর্যাপ্ত। সঠিক ও বিশ্বমানের শিক্ষার মাধ্যমে এই জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশ বিশ্বের দরবারে এক নম্বর স্থানে পৌঁছাবে।ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর প্রশংসা করে তিনি বলেন, কোলাহলমুক্ত পরিবেশের কারণে এসব প্রতিষ্ঠানে গুণগত শিক্ষা প্রদানের সুযোগ বেশি। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার জন্য এখন আর ঢাকা যাওয়ার প্রয়োজন নেই।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের দিকে জাতি ও অভিভাবকরা তাকিয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশের যোগ্য কারিগর হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. এনামউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া। সংসদ সদস্য মনজুরুল ইসলাম, সাদিক রিয়াজ পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম ও রাইয়ান সিরাজী। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. শফিকুল ইসলাম ও ট্রেজারার জাহাঙ্গীর কবির। জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ