প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
লালমনিরহাটে যাতায়াতের পথ বন্ধ: সমাধানে মাননীয় মন্ত্রী দুলুর হস্তক্ষেপ দাবি
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাটারি এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩০টি পরিবারের দুই শতাধিক মানুষ দীর্ঘ এক যুগ ধরে মানবেতর জীবনযাপন করছেন। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে এবং স্থায়ী রাস্তার দাবিতে আজ শনিবার সন্ধ্যায় 'টেলিভিশন মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম' হলরুমে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হাবিবুর রহমান বাবু।লিখিত বক্তব্যে জানানো হয়, লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল নাহিআন শিশু পরিবার সংলগ্ন এলাকায় বসবাসরত পরিবারগুলো দীর্ঘ ১২ বছর ধরে কোনো কার্যকর রাস্তা ছাড়াই বসবাস করছে। চারপাশ থেকে পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তারা কার্যত অবরুদ্ধ। যাতায়াতের নূন্যতম পথ না থাকায় সাধারণ চলাচলের পাশাপাশি জরুরি সেবা থেকেও তারা বঞ্চিত।অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই। এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশের কোনো পথ না থাকায় কাঁধে করে রোগীদের মূল সড়কে নিতে হয়। সরু গলি বা কোনো পথ না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের সুযোগ নেই, যা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করছে। শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকায় কেউ মারা গেলে জানাজা ও দাফন কার্যক্রম পরিচালনার জন্য মরদেহ বাইরে নেওয়াও দুরূহ হয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে এলাকাবাসীর স্থানীয় কৃতি সন্তান ও মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বিশ্বাস করেন, তাঁর আন্তরিক উদ্যোগই এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান করতে পারে।পাশাপাশি, নবনিযুক্ত জেলা প্রশাসক লালমনিরহাট মুহঃ রাশেদুল হক প্রধান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, "আমরা কর দাতা নাগরিক হওয়া সত্ত্বেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অতিদ্রুত একটি স্থায়ী যাতায়াতের রাস্তা নির্মাণ করে আমাদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দেওয়া হোক।" সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীরা আবেগপ্লুত কণ্ঠে জানান, একটি রাস্তার অভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ এক যুগের এই দুর্ভোগ নিরসনে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ