প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
লালমনিরহাটে এসএসসি ও দাখিল পর্যায়ের শিক্ষকদের সাথে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর মতবিনিময়
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাট সদর উপজেলার এসএসসি ও দাখিল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল)সন্ধ্যায় জেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা সম্পন্ন হয়।লালমনিরহাটের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে এসএসসি ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করা অত্যন্ত জরুরি।" তিনি উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে মন্ত্রী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে ২১টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। তাঁর নির্দেশনার মূল বিষয়গুলো হলো:শৃঙ্খলা ও উপস্থিতি: নিয়মিত সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং ডিজিটাল হাজিরা ও ইউনিফর্ম নিশ্চিত করা।সহ-শিক্ষা কার্যক্রম: নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, স্কাউটিং এবং লাইব্রেরি মুখী করার পরিবেশ তৈরি। মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে নাটক ও শোভাযাত্রার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। নিয়মিত অভিভাবক সমাবেশ, পাক্ষিক পরীক্ষা গ্রহণ এবং কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। বিদ্যালয় পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং মিড-ডে মিল চালু করা। বিশেষভাবে উল্লেখ্য, মন্ত্রী ঘোষণা দেন যে, টেস্ট পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষার ফরম পূরণ বা রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ।মনোনীতা দাস, উপজেলা নির্বাহী অফিসার (সদর)।রুখসানা পারভীন, জেলা শিক্ষা অফিসার।মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কয়েকশ প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকরা তাদের পেশাগত সমস্যা ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসন সব সময় শিক্ষার প্রসারে শিক্ষকদের পাশে আছে এবং একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ