প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার
স্টাফ রিপোর্টার ||
ঠাকুরগাঁও জেলাজুড়ে চলমান জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকা। একটি বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে ৫ লিটার অকটেন দেওয়া হয়েছে, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে। বর্তমানে জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না সাধারণ মানুষ। এমন বাস্তবতায় এই উপহারকে সময়োপযোগী ও বাস্তবধর্মী বলে মনে করছেন স্থানীয়রা।অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামের এক অতিথি জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল অত্যন্ত প্রয়োজনীয় ও দুষ্প্রাপ্য একটি বস্তু। তাই এই ব্যতিক্রমী উপহার সবার নজর কেড়েছে। জামালি নামের অন্য এক অতিথি মন্তব্য করেন, এটি যেমন মজার, তেমনি বর্তমান সংকটের একটি স্পষ্ট প্রতিফলন। তেলের জন্য মানুষের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে, যা এই উপহারের মাধ্যমে ভিন্নভাবে ফুটে উঠেছে।উপহারদাতা ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, বর্তমানে পেট্রোল ও অকটেন পেতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল মিলছে না। বর-কনে যাতে যাতায়াতে কোনো সমস্যায় না পড়েন, সেই চিন্তা থেকেই ৫ লিটার অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি যেমন ভালোবাসার বহিঃপ্রকাশ, তেমনি চলমান সংকটের একটি প্রতীকী বার্তাও বটে।ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বর রাতুল হাসান সাফি। তিনি বলেন, বিয়েতে এটি সত্যিই এক অভাবনীয় উপহার। বর্তমান সংকটময় মুহূর্তে এই অকটেন আমার খুব কাজে লাগবে। যারা এই চিন্তা থেকে উপহারটি দিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাচ্ছি।স্থানীয়রা জানান, জ্বালানি তেলের এই সংকট দীর্ঘস্থায়ী হলে পরিবহন, কৃষি ও নিত্যপণ্যের বাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই বিয়ের ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে। তেলের সংকটে মানুষের নাভিশ্বাস ওঠার চিত্রটি এই আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ভিন্ন মাত্রায় সাধারণ মানুষের সামনে প্রকাশিত হয়েছে
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ