প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬
কোম্পানীগঞ্জে গভীর রাতে যৌথ অভিযান; ৩৯ ট্রাক্টর জব্দ, আটক ৫
কোম্পানীগঞ্জ, প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে গভীর রাতে পরিচালিত যৌথ অভিযানে ৩৯টি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াই টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।জানা যায়, এর আগে বুধবার (১৮ মার্চ) বিকাল আনুমানিক ৪টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন। তারই পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং ৪৮ বিজিবির টু আইসি মেজর নুরুল হুদা। অভিযানকালে উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ থেকে অবৈধভাবে পাথর বোঝাই ৩৯টি ট্রাক্টর জব্দ করা হয়।জব্দকৃত ট্রাক্টরগুলোতে আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মো. মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) এবং রুপজান (৬৫) নামে পাঁচজনকে আটক করা হয়।আটকের সময় তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের সরকারি কাজে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানিয়েছেন, অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ