প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল রাশিয়ার পর্যবেক্ষক দল
ডেক্স নিউজ ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ছিল বলে মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও আইনসম্মত হিসেবে মূল্যায়ন করেছে রাশিয়ার প্রতিনিধি দল।রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ১১-১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কমিশনার পাভেল আন্দ্রেয়েভ নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়।দলটি ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করেছে। ভোটগ্রহণ শুরুর সময় থেকে গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করেছেন। রুশ পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাদের সন্তানদের সঙ্গে ভোটকেন্দ্রে আসেন এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালটের মধ্যেই সীমাবদ্ধ ছিল।পর্যবেক্ষকরা জানান, ভোট পরিচালনায় নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ়। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের সমন্বিত উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করেছে।নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার; ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সার্বিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি। ভোট গণনার প্রস্তুতিও পদ্ধতিগতভাবে সম্পন্ন হয়েছে এবং পোলিং এজেন্ট ও ভিডিও নজরদারি নিশ্চিত করেছে প্রক্রিয়ার স্বচ্ছতা।রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক করে নির্বাচনের মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার বাংলাদেশি প্রতিনিধিদের আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিতে আমন্ত্রণ জানান।উল্লেখ্য, ২০১৯ সাল থেকে রাশিয়ার সিইসি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা স্মারক কার্যকর রয়েছে। এছাড়া ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছিল।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ