প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
সন্ত্রাস ও কারচুপি রোধে কঠোর বার্তা ৫ উপজেলায় একক দায়িত্বে থাকবে বিজিবি
আব্দুস সালাম, দিনাজপুর জেলা প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখে দিতে রণপ্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর জেলার ছয়টি নির্বাচনি আসনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।বিজিবি অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে। কোনো পক্ষকেই অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই বিজিবির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত পথে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, মাদক কিংবা অনুপ্রবেশকারী দেশের ভেতরে প্রবেশ করে নির্বাচনি পরিবেশ কলুষিত করতে না পারে, সেজন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিওপিগুলোতে জনবল বৃদ্ধির পাশাপাশি বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে দিনরাত নজরদারি চালানো হচ্ছে। ইতোমধ্যে গত দুই মাসে ১৭ লাখ ৫৭ হাজার ৩৩১ টাকার চোরাচালানি পণ্য জব্দসহ ৫৬ জনকে আটক করেছে ৪২ বিজিবি।অধিনায়ক জানান, দিনাজপুরের সীমান্তবর্তী পাঁচটি উপজেলা বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুরে বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি (প্রাথমিক পর্যবেক্ষণ) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকেই জেলার সব উপজেলায় ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্যদের মোতায়েন শুরু হয়েছে। দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে স্থাপন করা হয়েছে বিশেষ বেইস ক্যাম্প।সারাদেশে ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনি কার্যক্রম শুরু করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য সারাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে নির্বাচনি দায়িত্ব পালন করবে।বিজিবি অধিনায়ক ভোটারদের আশ্বস্ত করে বলেন, আপনারা নির্ভয়ে কেন্দ্রে আসুন। ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য বাহিনীর সাথে রাজপথে থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ