প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
রংপুরে বাসে তল্লাশি: ২৯ কেজি গাঁজাসহ সুপারভাইজার ও হেলপার আটক
ফারুক সূর্য লালমনিরহাট,প্রতিনিধিঃ ||
রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ‘আহনাব পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আরপিএমপি কোতয়ালী থানাধীন মেডিকেল মোড় ট্রাফিক বক্সের পাশে চেকপোস্ট বসায় র্যাব-১৩-এর সদর কোম্পানির একটি দল। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আহনাব পরিবহন’ তল্লাশি করা হলে বাসের মালামাল রাখার বক্স থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯ কেজি গাঁজা পাওয়া যায়।মাদক পরিবহনের অভিযোগে বাসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন: মোঃ নুর আলম সিদ্দিকী (৪৪) বাসের সুপারভাইজার, তারাগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। মোঃ মেরাজ (২৬) বাসের হেলপার, রংপুর কোতয়ালী থানার রামপুরা এলাকার বাসিন্দা।র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসের আড়ালে দেশের বিভিন্ন প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। তাদের নামে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। জব্দকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ