প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ২০, এলাকায় আতঙ্ক
ফারুক সূর্য, লালমনিরহাট প্রতিনিধিঃ ||
লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটারি এলাকায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে প্রচারণার সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।ঘটনার জন্য বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে। জামায়াত নেতা হাবিবুর রহমান ছাতা অভিযোগ করে বলেন:"স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানিতে জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালিয়েছে। তারা আমাদের কর্মীদের পিটিয়ে আহত করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"অন্যদিকে, বিএনপি পক্ষ থেকেও জামায়াত কর্মীদের বিরুদ্ধে উস্কানি ও হামলার পাল্টা অভিযোগ আনা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান: "বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ