প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
খুলনার বাগমারায় যৌথ অভিযানে অস্ত্র, গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসী আটক
মোঃ মহিম ইসলাম, মোংলা উপজেলা প্রতিনিধিঃ ||
খুলনার বাগমারায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলাবারুদ ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’।সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮ জানুয়ারি ) সকাল ৭টার দিকে খুলনার বাগমারা এলাকায় চেয়ারম্যান বাড়ি সংলগ্ন স্থানে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিল আহমেদ (২০) ও এসএম তরিকুল ইসলাম তৌহিদ (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া ও টুটপাড়া সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলাবারুদ, ১টি ম্যাগাজিন এবং প্রায় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত শাকিল আহমেদ বাগমারা গ্রামের মো. সাইদ শেখের ছেলে এবং তরিকুল ইসলাম তৌহিদ একই এলাকার মো. গোলাম আলী টুকুর ছেলে বলে জানা গেছে।জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ