প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
ডেক্স নিউজ ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে উত্তরবঙ্গে দুই দিনের বিশেষ সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ চার জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা সফর করবেন।গত শুক্রবার ১৬ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত সূচি জানানো হয়েছে। মূলত তৃণমূল পর্যায়ে নির্বাচনী আমেজ তৈরি এবং নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিতেই আমিরের এই সফর।সফরের কর্মসূচি অনুযায়ী আগামী ২২ জানুয়ারি ডা. শফিকুর রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ করবেন এবং সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।এর পরদিন ২৩ জানুয়ারি থেকে শুরু হবে তার উত্তরবঙ্গ সফর। ওইদিন দুপুর ২টায় তিনি দিনাজপুরের ঐতিহাসিক গোর-ই-শহীদ ময়দানে জেলা জামায়াত আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। প্রতিটি জনসভায় দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারাও তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছেসফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ জানুয়ারি শনিবার সকালে জামায়াত আমির রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করবেন। শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে তিনি ওইদিন সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। উত্তরবঙ্গের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী এই সফরের মাধ্যমে দলীয় অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভাগুলো সফল করতে ইতিমধ্যে জেলা পর্যায়ের নেতা-কর্মীরা প্রস্তুতি সভা ও প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ