প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬
বিজয়নগরে অবাধে কৃষি-খাস জমি থেকে মাটি কেটে পাচারের অভিযোগ প্রশাসন নীরব
স্টাফ রিপোর্টার ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের লাঙ্গুইল্লা বিল এলাকায় খাস জমি ও কৃষি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পাচারের অভিযোগ দিন দিন বাড়ছে। পলিটেকনিক্যাল কলেজ ও ভাঙ্গা ব্রিজের পশ্চিমে সোনাই নদীর পশ্চিম পাড় সংলগ্ন বিস্তীর্ণ বুরু ধানের মাঠে ডেজার মেশিন দিয়ে জোরপূর্বক মাটি উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।স্থানীয়দের অভিযোগ, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে একাধিক অসাধু চক্র কৃষিজমির উর্বর মাটি কেটে ড্রাম ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করছে। এতে একদিকে কৃষিজমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে অবৈধ মাটি ব্যবসায়ীরা বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।অভিযোগে উঠে এসেছে, এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আসাদ মুন্সি , খালেদ মোহাম্মদ রাসেল মিয়া, কাশেম মিয়া , সাদ্দাম মিয়া, আজিজুল, শাহিনসহ আরও কয়েকজন জড়িত। তারা লাঠিয়াল বাহিনী ব্যবহার করে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে বড় বড় গর্ত সৃষ্টি করছে।জানা গেছে, উত্তোলিত মাটি মাধবপুরের সৈয়দ সৈয়দ উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশে অবস্থিত টি এন সি ইটভাটা ছাড়াও বিজয়নগর উপজেলার জামান, হাজি, জালাল, জাপান ও মোল্লা নামক একাধিক ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় অবৈধ মাটি কাটা আরও বেপরোয়া হয়ে উঠেছে। গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেখার আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিকবার ইউএনও’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি বলে জানান অভিযোগকারীরা।স্থানীয় কৃষকদের আশঙ্কা, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে জমি চাষের অযোগ্য হয়ে পড়বে এবং তারা পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন। অনেক কৃষক বলেন, “আমাদের জমি ধ্বংস হলে জীবিকার আর কোনো উপায় থাকবে না।”এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকরা দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ডেজার মেশিন জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ