প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
আত্রাইয়ে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি নওগাঁর আত্রাই উপজেলাতেও তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে। হঠাৎ করে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শিশু,বয়স্ক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষজন। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে,যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।এদিকে শীত মোকাবিলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।তবে অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।বিশেষজ্ঞরা শীতজনিত রোগ থেকে সুরক্ষার জন্য গরম কাপড় পরিধান, উষ্ণ খাবার ও গরম পানি পান এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ