প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
পোরশায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
মোঃ আব্দুল মান্নান , পোরশা, নওগাঁ প্রতিনিধি ||
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। হঠাৎ করে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবীরা। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।আজ পোরশা উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে শৈত্যপ্রবাহের কারণে দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।এদিকে শীত মোকাবিলায় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে অনেক এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।বিশেষজ্ঞরা শীতজনিত রোগ থেকে বাঁচতে গরম কাপড় পরা, গরম পানি পান করা এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ