প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
নওগাঁর ৬টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৮
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ৮ জনের মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই-বাছাই কার্যক্রম চলে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।আসনভিত্তিক যাচাই-বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নওগাঁর ৬টি আসনে মোট ৫৩টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল, যার মধ্যে ৪১টি জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার): এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন বিএনপির নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদুস সালেহীন ও সোহরাব হোসেন।নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): এই আসনে জমা দেওয়া ৬ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী): ৮ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং সাদ্দাম হোসেন।নওগাঁ-৪ (মান্দা): ৭ জন প্রার্থীর মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী আরফানা বেগম ও আব্দুস সামাদ প্রামাণিকের মনোনয়ন বাতিল করা হয়েছে।নওগাঁ-৫ (নওগাঁ সদর): ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির নজমুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। তবে এই আসনে বিএনপির মূল প্রার্থী জাহিদুল ইসলামসহ বাকি ৬ জনের মনোনয়ন বৈধ।নওগাঁ-৬ (আত্রাই ও রাণীনগর): এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৫ জন প্রার্থীর সবার মনোনয়নই বৈধ বলে গৃহীত হয়েছে।জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মূলত রাজনৈতিক দলের যথাযথ মনোনয়ন ফরম জমা না দেওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গড়মিল থাকার কারণে এই মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে।উল্লেখ্য, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা চাইলে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ