প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
একই ইউনিয়ন থেকে তিন প্রার্থী: ফরিদপুর-১ আসনে ভোটের লড়াইয়ে চতুলের চমক
জাফর আলী, ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর। ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন। সংসদ সদস্য হওয়ার লড়াইয়ে এবার একই ইউনিয়ন থেকে নির্বাচনী ময়দানে নেমেছেন তিন হেভিওয়েট প্রার্থী।সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের দুই কৃতি সন্তান এবং পাশের রাজাপুর গ্রামের একজন বাসিন্দা এবার ফরিদপুর-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন:১. শাহ মোহাম্মদ আবু জাফর: সাবেক চারবারের সংসদ সদস্য ও জাতীয় ঐক্য ফ্রন্ট মনোনীত প্রার্থী (হাসামদিয়া)।২. মোহাম্মদ শরাফাত: বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (রাজাপুর)।৩. মো. হাসিবুর রহমান অপু ঠাকুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী (হাসামদিয়া)।মনোনয়নপত্র জমা দিয়ে সাবেক অভিজ্ঞ সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, "আমি আজীবন এই এলাকার মানুষের সেবা করেছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে থাকতে চাই। দল-মত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসেন।"অন্যদিকে, তরুণ ও স্বতন্ত্র প্রার্থী মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, "আমি ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাসী। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আমি এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছি।"একই ইউনিয়ন থেকে তিন জন প্রার্থী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ায় চতুল ইউনিয়নে বইছে উৎসবের আমেজ। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ভোটাররা বিষয়টিকে ইউনিয়নের জন্য অত্যন্ত ‘গর্বের বিষয়’ বলে অভিহিত করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, যিনিই জয়ী হোন না কেন, এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় তিনি নিবেদিত থাকবেন।জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ফরিদপুর-১ আসনে এবার মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৩৮০ জন। আসনটিতে এবার সব মিলিয়ে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।আগামী কয়েক দিন চলবে যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া। তবে সাধারণ ভোটারদের নজর এখন চতুল ইউনিয়নের এই তিন প্রার্থীর দিকে কে হাসবেন শেষ হাসি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ