প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫
যথাযোগ্য মর্যাদায় আলফাডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত
জাফর আলী ভ্রাম্যমান প্রতিনিধি ফরিদপুর ||
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫।শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা মিনি কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. কে. এম. রায়হানুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু হাসনাত খান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ আবুজার জাফরি এবং পবিত্র গীতা পাঠ করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব পান্নু মিয়া, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি মোঃ শাহিনুর রহমান, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল ইসলাম, জাটি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা এম. এম. মহিউদ্দিন আহম্মেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পুরো সময়জুড়ে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বাংলাদেশের মেধাবী, প্রগতিশীল ও মুক্তচিন্তার মানুষদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। স্বাধীনতার প্রাক্কালে ১৪ ডিসেম্বর রাতে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও সংস্কৃতিজনদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়, যা ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ