প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রদ্রোহী মামলায় ফের ২ দিনের রিমান্ডে ওসি রাকিবুল
নিজস্ব প্রতিবেদক ||
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন।এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়া তার কথোপকথনের চার মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে।তদন্তের স্বার্থে ওই অডিওর সঙ্গে আসামির নমুনা কণ্ঠস্বরের তুলনামূলক পরীক্ষা করার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবুল হাসানকে দুই দিনের রিমান্ডে পাঠান।এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে মামলাটির তদন্তভার ডিএমপির গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান ও এক অজ্ঞাত ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করা হয়।অডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এর পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ