প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে নারী সেনার ছবি, নারীকণ্ঠে প্রেম: আত্মসাৎ ৭ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক ||
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে ফেসবুকে প্রচার করতেন তোফায়েল আলম টিটু (৩৫)। এরপর নারীকণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে এক ইতালিপ্রবাসী যুবকের পরিবারের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই সদর দপ্তরের জনসংযোগ বিভাগের পুলিশ সুপার মো. আবু ইউসুফ গণমাধ্যমে দেয়া বার্তায় বিষটি জানান।এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের (৪৬) ছেলে শাহাদাত খান (২২) ইতালিপ্রবাসী। ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ করেন টিটু। পরে নারীকণ্ঠে ফোনালাপ ও অনলাইন যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।একপর্যায়ে শাহাদাতের মায়ের মাধ্যমে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। আসামির মায়ের অসুস্থতার কথা বলে এসব টাকা নেওয়া হয়েছিল বলে তদন্তে জানা গেছে।এ ঘটনায় শাহাদাতের মা প্রথমে আদালতে সিআর মামলা করেন। ২০২৬ সালের ৮ জুলাই করা ওই মামলার নম্বর ১০৫০/২৬ (কেরানীগঞ্জ)। তদন্তে প্রতারণার প্রমাণ ও বিকাশ-নগদ লেনদেনের তথ্য পাওয়ার পর কেরানীগঞ্জ মডেল থানায় গত ১০ সেপ্টেম্বর মামলা করা হয়। মামলাটি ১৩ সেপ্টেম্বর তদন্তের জন্য গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা।পিবিআই আরও জানায়, টিটু নারীর মতো কণ্ঠে কথা বলতে পারেন। ফেসবুক মেসেঞ্জারে পরিচয়ের পর তিনি শাহাদাতের সঙ্গে ইমোতেও নারীকণ্ঠে কথা বলতেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহাদাত ও তাঁর মা আদালতের শরণাপন্ন হন।গ্রেপ্তার টিটুর বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে আরও একটি সিআর মামলা রয়েছে। ওই মামলার তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে পিবিআই জানিয়েছে।মামলাটির তদন্ত করছেন পিবিআই ঢাকা জেলার উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান। প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত চলছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ