প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
হুইপের দায়িত্বের পাশাপাশি সংসদীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান মিয়া
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
খানসামা-চিরিরবন্দর (দিনাজপুর-৪) আসনের সরকারি দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে সভাপতি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান মো. আখতারুজ্জামান মিয়া।কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন—বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), এসএম ফয়সাল (হবিগঞ্জ-৪), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১) এবং রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৬)।এ ছাড়া বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪) ও হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা-৩) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম (সংরক্ষিত নারী আসন-৪৮) কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।প্রসঙ্গত, জাতীয় সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটি। এ পর্যন্ত ২৬টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সংখ্যা ১৯টি।‘খানসামা-চিরিরবন্দরবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়’ এদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মো. আখতারুজ্জামান মিয়া নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন বলেন, “আলহামদুলিল্লাহ, জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে খানসামা-চিরিরবন্দরবাসীর জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।”তিনি আরও বলেন, “এই দায়িত্বের মাধ্যমে শুধু সংসদীয় কর্মকাণ্ডেই নয়, দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়ন, সম্ভাবনাকে কাজে লাগানো এবং সংশ্লিষ্ট মানুষের স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে দিনাজপুর-৪ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার উন্নয়নেও তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”তিনি আরও বলেন, “হুইপের দায়িত্বের পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁর ওপর দায়িত্ব আরও বেড়েছে। আমরা বিশ্বাস করি, তিনি তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। তাঁর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ