প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
বেনাপোল বন্দরে দুর্নীতির ছায়া: ৩৭ নম্বর শেড ইনচার্জ শাহজালাল সাময়িক বরখাস্ত, ৩০ নম্বর শেডে চলছে জোরালো অভিযান
বেনাপোল প্রতিনিধি | মোহাম্মদ আলমগীর হোসেন ২ আগস্ট ২০২৬ ||
বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য অপসারণের অভিযোগে ৩৭ নম্বর শেডের ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শক মোঃ শাহজালালকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ)। একই সঙ্গে বন্দর এলাকার ৩০ নম্বর শেডে অনিয়ম ও পণ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগে জোরালো অভিযান ও তদারকি কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনাজ্জুর সামান স্বাক্ষরিত ২৫ জুলাই ২০২৬ তারিখের এক আদেশে শাহজালালের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে আমদানিকৃত একটি চালান কাস্টমস হাউস কর্তৃক কারিগরি পরীক্ষায় ঘোষণাবহির্ভূত হিসেবে শনাক্ত হয়।পরবর্তী তদন্তে দায়িত্বে থাকা অবস্থায় পণ্য পরিবর্তনপূর্বক অবৈধভাবে অপসারণের ঘটনায় ট্রাফিক পরিদর্শক শাহজালালের সংশ্লিষ্টতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।এ ঘটনায় তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা-২০০৪ এর ১৬(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন।অন্যদিকে, বন্দর সূত্রে জানা গেছে, ৩০ নম্বর শেডেও পণ্য ব্যবস্থাপনা ও সম্ভাব্য অনিয়মের অভিযোগে অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক টিম সেখানে নথিপত্র, চালান ও পণ্য সংরক্ষণ কার্যক্রম খতিয়ে দেখছে বলে জানা গেছে।ঘটনাটি প্রকাশ্যে আসার পর বেনাপোল বন্দর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বন্দরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। চলমান তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ